01/03/2026
*মাছরাঙা টেলিভিশনে ঈদে ‘উৎসব’ ও ‘কাজল রেখা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার !!!* সাথে থাকছে হাওয়া, তুফান, জংলি, দরদ আর প্রিয়তমা” র মতো সুপার আলোচিত ও নন্দিত চলচ্চিত্র ॥
মাছরাঙা টেলিভিশনে প্রতি বছরের মত এবারও ঈদের অনুষ্ঠানমালায় থাকছে জমজমাট নাটক, সিনেমা ও টক শো। প্রতি ঈদেই মাছরাঙা টেলিভিশন দর্শকদের নির্মল বিনোদনের কথা মাথায় রেখে দর্শকপ্রিয় এবং বৈচিত্র্যময় সিনেমাগুলোই প্রচার করার চেষ্টা করে। এবারও সেই ধারাবাহিকতায় দুইটি আলোচিত সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে মাছরাঙা টেলিভিশনে। আয়-ব্যয়ের হিসাবে গত বছরের সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘উৎসব’ প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে। তানিম নূর পরিচালিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল সহ আরো অনেকে। গত বছর কোরবানী ঈদে মুক্তির পর থেকে বিরতিহীনভাবে সিনেমা হলে চলছে ‘উৎসব’। ঈদের মত উৎসবে তাই এই সিনেমার প্রচার বাড়ির দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করে মাছরাঙা টেলিভিশন।
ঈদের ৩য় দিন দুপুর ২টা ২০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজল রেখা’। ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার সহ আরো অনেকে। চারশো বছরের পুরনো লোকগাঁথা মৈমনসিং গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’। নেদারল্যান্ডস-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়েছিল এই সিনেমাটি। ‘কাজল রেখা’ সিনেমার শিল্পমান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাঠ্যসূচিতেও সিনেমাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঈদের অনুষ্ঠানমালায় এই দুটি সিনেমা ছাড়াও প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা।
২য় দিন প্রচারিত হবে ২০২৩ সালের সবচাইতে ব্যবসাসফল সিনেমা, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম এই সিনেমায় অভিনয় করেন।
৪র্থ দিন প্রচারিত হবে গত বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন সিয়াম আহমেদ, বুবলী, দীঘি।
৫ম দিন প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত, শাকিব খান-মিমি চক্রবর্তী-মাসুমা রহমান নাবিলা অভিনীত ‘তুফান’।
৬ষ্ঠ দিন প্রচারিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত, চঞ্চল চৌধুরী-নাজিফা তুষি-শরিফুল রাজ অভিনীত ‘হাওয়া’।
৭ম দিন প্রচারিত হবে অনন্য মামুন পরিচালিত শাকিব খান-সোনাল চৌহান পরিচালিত ‘দরদ’।