06/09/2026
শালিখায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
মিটুল হোসেন মিঠু, স্টাফ রিপোর্টার
মাগুরার শালিখা উপজেলায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন। এতে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন ও গাছের চারা বিতরণের এ উদ্যোগকে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।