20/02/2026
১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে নারী ডিজিটাল ফ্রিল্যান্সারদের নিয়ে একটি মাল্টি-স্টেকহোল্ডার ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম সংগঠক, ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও নারী ফ্রিল্যান্সারগণ অংশগ্রহণ করেন। Kaz360 এর প্রতিষ্ঠাতা Emrazina Islam এই আলোচনায় অংশ নেন।
আলোচনার কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছিল - বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতে নারীদের অগ্রগতি প্রত্যাশিত গতিতে কেন হচ্ছে না?
আলোচনা থেকে যেমন আশাব্যঞ্জক দিক উঠে এসেছে, তেমনি কিছু উদ্বেগজনক বাস্তবতাও সামনে এসেছে।
আশাব্যঞ্জক এই কারণে যে, নারীরা ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, UI/UX এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর সেবাখাতে ক্রমবর্ধমান হারে যুক্ত হচ্ছেন।
উদ্বেগজনক এই কারণে যে, কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো এখনও তাদের অগ্রগতিকে ধীর করে দিচ্ছে।
আলোচনায় ডিজিটাল শ্রম সুরক্ষার সুস্পষ্ট নীতিমালার অভাব, স্থানীয় অনানুষ্ঠানিক বাজারে অনিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং দেশীয় বিধিমালার আওতায় এসক্রো মেকানিজমের অনুপস্থিতির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
বিশেষভাবে উল্লেখ করা হয় যে, স্থানীয় ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা বহু ফ্রিল্যান্সার এখনো ফেসবুকভিত্তিক যোগাযোগের ওপর নির্ভরশীল; যেখানে পেমেন্ট না পাওয়া বা বিরোধের ক্ষেত্রে সুরক্ষা প্রায় অনুপস্থিত।
এছাড়াও পারিবারিক ও সামাজিক মানসিকতা, দীর্ঘমেয়াদি মেন্টরশিপের ঘাটতি এবং ছোট গিগ থেকে উচ্চমূল্যের প্রজেক্টে উত্তরণের চ্যালেঞ্জ, এই বিষয়গুলোর কথাও উঠে আসে এই আলোচনায়।
উক্ত FGD অনুষ্ঠিত হয় “Contribution, Rights and Challenges of Female Digital Freelancers in Bangladesh” শীর্ষক চলমান একটি গবেষণা উদ্যোগের অংশ হিসেবে। গবেষণাটি যৌথভাবে পরিচালিত হচ্ছে Bytes For All, Bangladesh এবং Bangladesh Open Source Network - BdOSN এর মাধ্যমে, সহযোগিতায় Creative IT Institute।
এর পূর্বে, ৪ ফেব্রুয়ারি নারী ফ্রিল্যান্সারদের নিয়ে একটি পৃথক FGD আয়োজন করা হয়েছিল যেখানে কাজ৩৬০ এর প্রতিষ্ঠাটা এমরাজিনা ইসলাম অংশ নিয়েছিলেন। পাশাপাশি, দেশব্যাপী একটি অনলাইন জরিপ বর্তমানে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আরও বিস্তৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৬,৫০,০০০ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ নারী। ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে আইনি স্বচ্ছতা, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা, নীতিগত স্বীকৃতি এবং নারীদের জন্য কাঠামোবদ্ধ সহায়তা ব্যবস্থার ওপর সমান গুরুত্ব আরোপ করা প্রয়োজন।
বাংলাদেশের নারী ডিজিটাল ফ্রিল্যান্সারদের অনুরোধ করা হচ্ছে ১৫-২০ মিনিট সময় নিয়ে উক্ত জরিপে অংশগ্রহণ করার জন্য। জরিপের লিংক প্রথম কমেন্টে।