09/05/2026
ফটিকছড়িতে ধর্ষণে ব্যর্থ হয়ে বিয়াইনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: আটক ১
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে অভিযুক্ত বিয়াই মো. সাফাকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত লাকি আক্তার স্থানীয় কাদেরের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামার বাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়াই-বিয়াইন সম্পর্ক বিদ্যমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদি পশু আনতে পাহাড়ি এলাকার দিকে যান। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু জায়গায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন
বাড়ির সর্দার মোহাম্মদ ইউনুস ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মোহাম্মদ সাফা আমাদের কাছে স্বীকার করেছে যে, সে লাকি আকতারকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা টিপে হত্যা করেছে। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের পিতা আবুল বশর। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমার মেয়েকে পশুর মতো ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। খুনি মোহাম্মদ সাফার যেন সর্বোচ্চ শাস্তি হয়।
নিহতের ননদ আরাফা খাতুন বলেন- সাফা মাঝে মধ্যে লাকি আকতারের বাড়িতে এসে বিরক্ত করতো। তাকে না আসার জন্য অনেকবার বলা হয়েছে। সুযোগ পেয়ে লাকি আকতারকে সে মেরে পেলেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর সাফা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য সাফাকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইকবাল হোসেন মনজু
ফটিকছড়ি চট্টগ্রাম
তাং-৯-৫-২৬ ইং।