23/09/2026
বাগানবাজারে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসেবনের অভিযোগে ৩ জন আটক
উত্তর ফটিকছড়ির বাগানবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মো. ফারুক হোসেন (২২), পিতা মিজান মিয়া, ৬ নম্বর ওয়ার্ড, বাগানবাজারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।