30/12/2015
সব থাকবে,
অযত্নে ফোটা চেরি ফুল থাকবে;
শিশিরে ভিজে শিউলি ফুটবে
মধ্য দুপুরে সাদা মেঘ ভাসবে।
সব থাকবে যেমনটা আছে এখন;
পূর্নিমায় উদভ্রান্ত হবে পথিক,
হাওয়ায় দুলবে সজনেডাঁটা,
সবুজ শাড়িতে কোলাহলে তুমি রবে একা।
অভিমান ভুলে বৃষ্টি নামবে চৈত্রে,
উঠোন ভোরে থাকবে বকুল ফুলে,
চায়ের কাপে মাখবে বিষণ্ণ সকাল।
গ্রীষ্ম শেষে বর্ষা গিয়ে শরৎ আসবে
সাদা মেঘে প্রেম জমাবে কাশফুল।
রাতের আঁধারে নক্ষত্র ছুটবে,
নদীর পাড়ে বিষন্ন রাত্রি নামবে,
তোমার শরীর রাক্ষস গিলবে।
সব থাকবে শুধু অপেক্ষা থাকবে না,
তোমার মন প্লাবিত হাসনাহেনার গন্ধে,
কেবল আমি থাকব না ধরায় ।