10/02/2026
আমার প্রথম (এবং হয়তো শেষ) নির্বাচন পোস্ট
আমি একজন নির্দলীয় নাগরিক। কোনো দল বা নেতা আমাকে আবেগে চালিত করতে পারে না। এবার ভোট দিতে পারছি না, কিন্তু নাগরিক দায়িত্ব থেমে যায় না—ভাবা, বিশ্লেষণ করা, এবং শাসনকে প্রশ্ন করা এখনো জরুরি।
আমি ব্যক্তি বা জনপ্রিয়তা দেখি না, কাঠামো ও প্রক্রিয়া দেখি।
যে ব্যক্তি বা জোট ক্ষমতায় যাবে, তারা কি রাষ্ট্রকে নিয়মে শক্তিশালী করবে, নাকি ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে ভর করবে? কোনো রাষ্ট্র ব্যক্তি ইচ্ছার ওপর টিকে থাকে না, নিয়মের ওপর টিকে থাকে।
নীতিনির্ভর সিদ্ধান্তই আমার মানদণ্ড।
কী বলা হয়েছে নয়, কী করা হবে এবং কিভাবে করা হবে—এটাই বিচার করার পথ।
অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, মূল্যস্ফীতি—যে সব নীতি বাস্তবায়নযোগ্য পরিকল্পনার সঙ্গে আসে না, তা নিছক শব্দের খেলা। সুন্দর প্রতিশ্রুতি পর্যাপ্ত নয়; কার্যকর বাস্তবায়নই শক্তিশালী নীতি তৈরি করে।
Governance মানে শুধু সরকার চালানো নয়, জবাবদিহি নিশ্চিত করা।
সংসদ কি প্রশ্নের জায়গা, নাকি শুধু অনুমোদনের মঞ্চ?
বিরোধী মত কি কার্যকর হবে, নাকি দমন করা হবে?
প্রশাসন কি পেশাদার এবং নীতিনিষ্ঠ থাকবে, নাকি দলীয় আনুগত্যের ফাঁদে ফসকে যাবে?
এই প্রশ্নগুলোর উত্তর নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলে।
জোট বা দলের শক্তি আমি সংখ্যার ভিত্তিতে দেখি না, নীতিনির্ভর ক্ষমতা ও বাস্তবায়ন দক্ষতায় দেখি।
মতভিন্নতা সামলানো যায় কি না, নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায় কি না—এগুলোই মূল মানদণ্ড।
অতীত আমার কাছে শিক্ষা, ভবিষ্যৎ বন্ধ করা নয়।
পূর্ববর্তী ভুল এবং সাফল্য দুটোই বিচার করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—কীভাবে তারা সেই অভিজ্ঞতা থেকে শেখে এবং ভবিষ্যতে নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রয়োগ করে।
আমি ভোট দিতে পারছি না।
তবুও চাই যারা ভোট দেবেন, তারা করুক বিবেচনা, যুক্তি ও নীতিনির্ভর মানদণ্ডে।
ভোট মানে কোনো নেতা বা দলকে নিঃশর্ত সমর্থন নয়।
ভোট মানে রাষ্ট্র পরিচালনার ওপর শর্ত আরোপ—যদি আপনি রাষ্ট্রকে সুসংগঠিত, শক্তিশালী ও দায়বদ্ধ দেখতে চান, সেই শর্তগুলোই গুরুত্ব পায়।
নির্দলীয় নাগরিক হিসেবে আমি সেই শর্তগুলোর দিকে তাকিয়ে থাকব।
সেই শর্তগুলোই দেশের ভবিষ্যৎ ঠিক করবে।