06/10/2026
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আবুল হাসান এমপি
সিলেট-৫ |নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কার্যক্রম, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এবং বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন, মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বদলির বিষয়েও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি মো. আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন ও মুহাম্মাদ আব্দুল খালেক এমপি উপস্থিত ছিলেন।