21/05/2023
সংসারে যেই সন্তান দায়িত্ববান হয়, সেই সন্তানের উপর বাবা মায়ের ভরসা, বিশ্বাস অনেক বেশি থাকে, আবার আকাঙ্খা ও চাহিদাও বেশি থাকে। যেসব সন্তানেরা অবুঝ হয়, দায়িত্ব এড়ানো হয়, রাগি হয়, ঝামেলাবাজ হয়, তারা বাবা মাকে খুব অল্পতে সন্তুষ্ট করতে পারে।
যেই বন্ধুটা সবার সমস্যায় ঝাঁপিয়ে পড়ে তার কাছেই সবাই সমাধানের জন্য যায়, যেই বন্ধুটা বেখেয়ালি সে সময়মত আড্ডায় উপস্থিত হলেই সবাই খুশি।
সম্পর্কে যেই মানুষটা বুঝদার আর সহনশীল হয়, ধরে নেয়া হয় সেই সমস্ত রাগ অভিমান মেটাবে, অযৌক্তিক দাবিগুলো মেনে নিবে। আর যে সবসময় অবুঝ আচরণ করে সে শান্ত থাকলেই যেন অন্যজন খুশি।
কিন্তু দায়িত্ববান সন্তান, উদার বন্ধু কিংবা ধৈর্যশীল সঙ্গী এরাও অন্যদের মতই মানুষ। সবচেয়ে বুঝদার ছেলেটারও ইচ্ছা করে বাবা মায়ের সাথে কোনদিন অবুঝ আচরণ করতে, উদার বন্ধুটার নিজের জীবনেও সমস্যা আসে, সহনশীল সঙ্গীরও ইচ্ছা করে কোনদিন কারন ছাড়া রাগ অভিমান করতে। কিন্তু তারা এত দিতে অভ্যস্ত হয়ে যায়, নিতে ভুলে যায়, অন্যরাও ধরে নেয় তাদের জন্য করার কিছু নাই।
কিন্তু মানুষ আসলে মানসিকভাবে খুব কাঙাল প্রাণী। প্রত্যেকেই চায় কেউ কোন সময় সবটুকু এটেনশন তাকে দিক, সে অবুঝ হোক আর কোন বুঝদার তাকে সামলে নিক। এইটুকু না পেলে সে প্রেশারে প্রেশারে একজন মৃত মানুষে পরিণত হয়। সে দায়িত্ব পালন করে, কিন্তু সেই দায়িত্বে ভালোবাসার চেয়ে ক্লান্তি থাকে বেশি।
অসম্ভব ভালো লিখতো এমন একটা ছেলে আত্মহত্যা করেছে, তার ফ্যানদের হয়তো অবাক লাগছে সে সবাইকে বুঝাতো সে কেন বুঝলো না! কিন্তু হয়তো খুব গুরত্বপূর্ন সময়ে তাকে বোঝানোর কেউ ছিল না, বা কেউ ভাবেইনি তাকে বোঝানো দরকার। কিংবা সেও ভেবেছে আমিতো সব বুঝি, আর কারো বোঝানোর কিছু নাই।
সংসারে দায়িত্ব পালন করা, বুঝদার, ধৈর্যশীল আর উদার মানুষগুলোকেও মাঝে মাঝে একটু হাফ ছেড়ে বাঁচার সুযোগ দেন, আফটার অল তারা একেকজন ব্লেসিং। কোন কোন ব্লেসিং হারানোর আগে কদর কেউ বোঝে না।
Collected