09/01/2025
অনলাইনে প্রোডাক্ট কিংবা সার্ভিস মার্কেটিংয়ে রিভিউ’র গুরুত্ব নিয়ে কিছু ইনসাইট শেয়ার করি।
১. ২০২১ সালে রিভিউ নিয়ে কাজ করা সফটওয়ার প্রতিষ্ঠান পাওয়ার রিভিউর এক জরিপে দেখা যায়, ৯৯ শতাংশ ক্রেতাই অনলাইনে কিছু কেনার সময় রিভিউ দেখে ক্রয় করে। ৯৬ শতাংশ ক্রেতা বিশেষভাবে নেগেটিভ রিভিউগুলো দেখে নেয়।
২. মার্কেটিং সফটওয়ার কোম্পানি ব্রাইট লোকালের জরিপ বলছে, ৫০ শতাংশ ভোক্তাই নিজের পরিবার বা বন্ধুদের মধ্যে কারও রিভিউকে অনেক বেশি বিশ্বাস করে। ২০২৪ সালে আরেকটি জরিপে দেখা যায়, বেনামি রিভিউগুলোর চেয়ে নামোল্লেখ করে দেয়া রিভিউগুলো ৪৮ শতাংশ ক্রেতার মনে একটি ব্যবসা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে।
৩. বেশিরভাগ ক্রেতাই অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপনকে বিশ্বাস করতে চায় না। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনের জরিপে দেখা যায়, অনলাইন অ্যাড কিংবা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে তাদের বিশ্বাস খুবই কম। এরমধ্যে সর্বোচ্চ ২৩ শতাংশ ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে বিশ্বাস করে। যাদের বয়স ১৫-২৪ বছরের মধ্যে এবং ৫৭-৬৬ বছরের মধ্যে, তাদের মধ্যে অনলাইন বিজ্ঞাপন বিশ্বাসের হার সবচেয়ে কম।
৪. সম্প্রতি আউটার বক্সের এক গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জনের আটজন ক্রেতাই পণ্য কেনার আগে তাদের স্মার্টফোনে রিভিউ সার্চ করে দেখে নেয়। এছাড়া গ্লাসডোরের একটি গবেষণায় আরও দেখা যায়, ৮৬ শতাংশ চাকরি সন্ধানকারী কোনও প্রতিষ্ঠানে আবেদন করার আগে ওই প্রতিষ্ঠানের রিভিউ দেখে নেয়।
৫. অন্য আরেকটি জরিপে দেখা গেছে, ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৪ রেটিং থাকলে সেখান থেকে পণ্য ক্রয়ের বিষয় বিবেচনা করে ক্রেতারা। এর কম হলে তারা পণ্য ক্রয়ে আগ্রহী হয় না।
৬. সবচেয়ে বেশি রিভিউ দেয়া হয়, গুগল, ইয়েলপ, ফেসবুক এবং ট্রিপঅ্যাডভাইজরে - ৮৮ শতাংশ। এরমধ্যে আবার শুধু গুগলেই দেয়া হয় ৭৩ শতাংশ রিভিউ।
৭. ব্রাইট লোকালের গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। কোনও ব্র্যান্ডের কেবল একটি রিভিউ প্লাটফর্মে থাকাই যথেষ্ট নয়। কারণ ক্রেতাদের/সেবা গ্রহীতাদের ৭৭ শতাংশই কমপক্ষে দুটি প্লাটফর্ম থেকে রিভিউ দেখে নেয় এবং ৪১ শতাংশ ৩ কিংবা তার চেয়ে বেশি প্লাটফর্মের রিভিউ দেখে নেয়।
৮. তবে রিভিউর উপরও মানুষের আস্থা দিনে দিনে কমে যাচ্ছে। এক জরিপে অ্যামাজনের ক্রেতাদের ৪৯ শতাংশ জানিয়েছেন, তারা অ্যামাজনে ভুয়া প্রোডাক্ট রিভিউ দেখেছেন। এছাড়া ২০২৩ সালে দেখা যায়, ৫০ শতাংশ ক্রেতা গুগল রিভিউর উপর আস্থা রাখতো। কিন্তু ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে।
সুতরাং বুঝতেই পারছেন অনলাইন প্লাটফর্মে ব্যবসা করতে রিভিউর গুরুত্ব কত বেশি!