30/06/2021
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মাননীয় প্রধানমন্ত্রী,
আমি এই দেশের একজন সাধারণ রেস্তোরাঁ ব্যবসায়ী। আজ যেই কথাগুলো আমি বলতে চাই এই কথা শুধু আমার একার নয়। আমারমত হাজারো ব্যবসায়ীর কথা। আপনি জানেন যে রেস্তোরাঁ ব্যবসা শুধু ব্যবসাই নয় এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিগত ১০ বছরে জিডিপিতে এই খাতের অবদান বৃদ্ধি পেয়েছে সাতগুন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে গতবছরের মার্চমাস থেকে এই খাতের অবস্থা অত্যন্ত নাজুক। আশংকাজনক ব্যাপার হচ্ছে এই মহামারীতে রেস্তোরায় বিক্রি কমেছে ৭০ ভাগ। বন্ধ হয়ে গেছে প্রায় ৩০ শতাংশ প্রতিষ্ঠান। তারপরও যারা সংগ্রাম করে টিকে ছিল তাদেরও টিকে থাকা কঠিন হয়ে গেছে আসন্ন লকডাউনে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচক্ষণ নেতা। মহামারীর শুরুতেই বিভিন্ন খাতে আপনি প্রণোদনার ব্যবস্থা করেছেন। কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি হয়েও আমরা এই পর্যন্ত কোন আর্থিক সুযোগ সুবিধা পাইনি। উপরন্ত কর্মচারীদের বেতন ভাতা, রেস্তোরাঁ ভাড়া এবং বিভিন্ন ইউটিলিটি বিল দিতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে আমার মত অনেক রেস্তোরাঁ ব্যবসায়ী।
এমতাবস্থায়, আপনার নিকট বিনীত অনুরোধ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রায় এই খাতটির দিকে একটু সদয় দৃষ্টিপাত করুন। আমরা প্রণোদনা চাইনা। আমাদের জন্য অন্তত সহজ শর্তে ও অল্পসুদে ব্যাংক লোণের ব্যবস্থা করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ দিতে চাই ভ্যাট নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ ওসমান গণি, মহাসচিব ইমরান হাসান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব ভাইসহ আরো অনেকের প্রচেষ্টায় এবং আপনার সুদৃষ্টিতে রেস্তোরাঁ খাতে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইন যেসকল প্ল্যাটফর্ম খাবার ডেলিভারী করে থাকে তাদের ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। তাদের সুযোগ সন্ধানী আচারনে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আপনার এবং আপনার সরকারের সিদ্ধান্তের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে চলমান লকডাউন কার্যকর করতে আপনাকে আরো কঠোর হওয়া উচিত। গার্মেন্টস শিল্প ও অন্যান্য কল কারখানাসহ বিভিন্ন খাত খোলা রেখে এই লকডাউন শুধু দীর্ঘাইয়িত হবে। কার্যকর কিছু হবে না। এই একচোখা সিদ্ধান্তে জনগন হিমশিম খাচ্ছে। প্রয়োজনে সবকিছু বন্ধ করে দিয়ে লকডাউন কার্যকর করুন। নয়তো স্বাস্থ্যবিধি মেনে জনজীবন স্বাভাবিক করে তুলুন। সম্ভাবনাময় এই সেবামূলক খাতকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আপনি বঙ্গবন্ধুকন্যা। আপনার নেতৃত্বে পূর্ণ আস্থা আছে আমাদের। আমি বিশ্বাস করি আপনার সুযোগ্য নেতৃত্বে খুব শীঘ্রই এই আধার আমরা কাটিয়ে উঠবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এইচ এম রিজভী ভুঁইয়া
Ownar and Managing Director
The Starbucks Coffee Castle
Flavino Restaurent
Rafif Trade International