14/12/2024
‘দুধ দিয়ে কালসাপ পোষা’—এই বাংলা প্রবাদের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কাউকে মনেপ্রাণে ভালোবেসে উপকার করে বা আদর-যত্নে বড় করে তোলার পর সেই ব্যক্তিই যখন আপনার ক্ষতি করে বসে, সে পরিস্থিতিকে ‘দুধ দিয়ে কালসাপ পোষা’ হিসেবে বলা হয়। আবার বাংলা সিনেমার নানা দৃশ্যে দেখা যায়, সাপ দুধের পেয়ালা থেকে দুধ পান করছে। গরুর খামারিরাও মাঝেমধ্যে দাবি করেন, সাপ এসে তাঁদের গরুর দুধ খেয়ে গেছে। কিন্তু আদতেই কি সাপ দুধ পান করতে পারে? বিজ্ঞান কী বলে?
তবে সেসব প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক, সাপের দৈহিক বৈশিষ্ট্য ও খাদ্যাভ্যাস সম্পর্কে। পৃথিবীজুড়ে প্রায় চার হাজার প্রজাতির সাপ আছে। তবে এসব সাপের শতভাগই মাংসাশী। এর মানে, এরা কখনোই উদ্ভিদজাতীয় কিছু খায় না। আজ পর্যন্ত বিজ্ঞানী ও গবেষকেরা এমন প্রজাতির সাপ খুঁজে পাননি, যা অল্প পরিমাণে হলেও উদ্ভিদজাতীয় কিছু খায়। বরং সাপ খাবারের জন্য জীবন্ত প্রাণী বেছে নেয়; কখনো কখনো পাখি, মাছ এমনকি সাপসহ সরীসৃপ প্রজাতির ডিমও খেয়ে থাকে। সাপের খাদ্যতালিকায় আছে ইঁদুর ও ইঁদুরজাতীয় অন্যান্য প্রাণী, খরগোশ, পাখি, ব্যাঙ, মাছ, বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী যেমন কেঁচো, অন্যান্য প্রজাতির সাপ ইত্যাদি। তবে সাপ দুধ বা দুধজাতীয় খাবার খায়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
তা ছাড়া সাপের দৈহিক বৈশিষ্ট্যও দুধ বা দুধজাতীয় খাবার গ্রহণের ধারণা সমর্থন করে না। কারণ, দুধ হজমের জন্য প্রাণীর ক্ষুদ্রান্ত্রে ‘ল্যাকটজ’ নামের এনজাইম বা জারক রস থাকা আবশ্যক। ল্যাকটোজ বা দুধজাতীয় খাবারকে হজমে সাহায্য করে এই ল্যাকটেজ। কিন্তু সাপের পরিপাক প্রক্রিয়ার ল্যাকটেজের কোনো উপস্থিতি পাননি প্রাণিবিজ্ঞানীরা। ফলে কোনো প্রজাতির সাপেরই ল্যাকটোজ বা দুধ ও দুধজাতীয় খাবার গ্রহণের কোনো বাস্তবতা নেই।