13/05/2026
৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক :
বর্তমানে প্রায় ৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অনেকেই শুধু প্রয়োজনের কারণে টিন নিচ্ছেন, কারণ এটি ছাড়া এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়।
📌 চাকরি ও পেশায় টিন বাধ্যতামূলক:
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে টিন থাকা প্রয়োজন।
বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ের কর্মীদের ক্ষেত্রেও টিন বাধ্যতামূলক।
এ ছাড়া ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সনদ নিতে টিন লাগে।
📌 ব্যবসা ও বাণিজ্যে প্রয়োজনীয়তা:
ব্যবসা শুরু করা বা চালানোর জন্য টিন অপরিহার্য। সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য টিন দরকার হয়।
মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, ইভেন্ট ব্যবস্থাপনা, ক্যাটারিং বা নিরাপত্তা সেবা, সব ক্ষেত্রেই টিন প্রয়োজন।
📌 সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত কাজে:
জমি বা ফ্ল্যাট নিবন্ধন, গাড়ির নিবন্ধন এবং ফিটনেস নবায়নের জন্য টিন ছাড়া কাজ হবে না।
📌 ব্যাংকিং ও আর্থিক সেবা:
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে টিন বাধ্যতামূলক। ক্রেডিট কার্ড নিতে গেলেও টিন প্রয়োজন।
📌 আমদানি-রপ্তানি কার্যক্রমে:
আমদানি-রপ্তানির জন্য ঋণপত্র খোলা, রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া বা ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করতে টিন থাকতে হবে।
📌 সরকারি কাজ ও নির্বাচন:
সরকারি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নিতে টিন প্রয়োজন।
এমনকি জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে গেলেও টিন থাকা বাধ্যতামূলক।
📌 অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র:
অভিজাত ক্লাবের সদস্য হওয়া, বিবাহ নিবন্ধনকারী হিসেবে কাজ করা, কোম্পানির পরিচালক বা শেয়ারধারী হওয়া—এসব ক্ষেত্রেও টিন প্রয়োজন হয়। এ ছাড়া অনেক ক্ষেত্রে সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে অভিভাবকের টিন চাওয়া হয়।
🔗কীভাবে টিন নেবেন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে টিন নিবন্ধন করা যায়। এতে খুব বেশি সময় বা জটিলতা নেই।
বর্তমানে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের মতো হয়ে উঠেছে। তাই ভবিষ্যতের ঝামেলা এড়াতে আগেভাগেই টিন নেওয়া ভালো। এটি থাকলে অনেক কাজ সহজ হয় এবং প্রয়োজনের সময় বাড়তি ঝামেলায় পড়তে হয় না।