23/07/2021
যেখানে সাগর মরুভূমিতে রূপ নিয়েছে-----------
পৃথিবীর চতুর্থ বৃহত্তম হৃদ ছিলো মধ্য এশিয়ার অ্যারাল সাগর। আয়তন ছিলো ষাটহাজার বর্গ কিলোমিটার এবং গভীরতা প্রায় ৪০ মিটার। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গত চল্লিশ বছরে হৃদটি যেনো বাতাসে মিলিয়ে গেছে।
১৯৭০ সালের আগ পর্যন্ত সব ভালোই চলছিলো। সমস্যা শুরু হলো সত্তরের পর থেকেই। মাত্র চল্লিশ বছরে যেনো হাওয়ায় মিলিয়ে গেলো পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই হৃদটি। এটিকে বিংশ শতকের জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় বিপর্যয় বলে ধরা হয়।
প্রায় ষাট হাজার বর্গকিলোমিটারের এই হৃদটির খুব কমই বাকি আছে এখন। মাত্র ১০ পার্সেন্ট স্থানে অল্প কিছু পানি পূর্বের অ্যারাল সাগরের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে। বাকি জায়গায় শুধুই খাঁ খাঁ মরুভূমি।
একসময় এই অ্যারাল সাগর একাই সোভিয়েত ইউনিয়নের এক-পঞ্চমাংশ মাছের যোগান দিতো। তবে সেটা অ্যারালের যৌবনকালের কথা। বর্তমানের ক্লান্ত, বিধ্বস্ত, ভঙ্গুর অ্যারালকে দেখে পূর্বের সেই শৌর্যবীর্য টের পাওয়ার কোনো উপায় নেই।
বিস্তীর্ণ অ্যারালের সবখানেই এখন শুধু বালু আর বালু। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি বিশাল আকারের মাছ ধরার নৌকা পরিত্যক্ত পড়ে রয়েছে। যেগুলি অ্যারালের যৌবনকালের সাক্ষ্য দেয়।
এলাকার স্থানীয় জেলেরা জানান, আগে এখানে প্রতিদিন খুব সহজেই একশ’ কেজি মাছ ধরে ফেলা যেতো। আর এখন যেদিকে তাকাই শুধুই খয়েরি মাটি আর চিকন বালুর ওড়াওড়ি।
লেকের তীরে তরমুজ, গমের চাষও হতো আগে। কিন্তু এখন সেটা স্বপ্নেই দেখা সম্ভব। বৃষ্টি কমে যাওয়ায় এখন সেখানে ঘাসই ভালো মতো হয় না।
অদূর ভবিষ্যতে অ্যারাল সাগর আবার তার হারানো জীবন-যৌবন ফিরে পাবে, স্থানীয় জেলেরা এখন এই আশাতেই বিভোর হয়ে আছেন।