05/05/2026
১৮৬৮ সালের একটি বিখ্যাত মামলা আধুনিক টর্ট আইনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মামলাটির নাম Rylands v Fletcher। এই মামলার রায় থেকে একটি নতুন আইনি নীতির জন্ম হয়: "যদি আপনি আপনার জমিতে অস্বাভাবিক কোনো কিছু জমা করেন এবং তা থেকে প্রতিবেশীর ক্ষতি হয়, তবে আপনার কোনো দোষ বা অবহেলা না থাকলেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে।"
The Facts of the Case
জন রাইল্যান্ডস (Rylands) তার কারখানায় জলবিদ্যুৎ ব্যবহারের জন্য নিজের জমিতে একটি বড় জলাধার (Reservoir) তৈরি করেন। এই কাজের জন্য তিনি দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিলেন। কিন্তু সমস্যা হলো, ওই জমির নিচে কিছু পুরনো কয়লা খনির পরিত্যক্ত সুড়ঙ্গ ছিল, যা ইঞ্জিনিয়াররা খেয়াল করেননি।
যখন জলাধারে জল ভরা হলো, তখন জলের চাপে ওই সুড়ঙ্গ দিয়ে জল বেরিয়ে পাশের জমির মালিক ফ্লেচারের (Fletcher) কয়লা খনিতে ঢুকে পড়ে এবং খনিটি প্লাবিত হয়। এতে ফ্লেচারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আইনি লড়াই ও আদালতের রায়
ফ্লেচার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন। রাইল্যান্ডসের যুক্তি ছিল— তিনি নিজে তো কোনো ভুল করেননি, এমনকি দক্ষ লোক দিয়ে কাজ করিয়েছেন, তাহলে তিনি কেন দায়ী হবেন?
কিন্তু আদালত (House of Lords) এই যুক্তি গ্রহণ করেননি। জাস্টিস ব্ল্যাকবার্ন (Justice Blackburn) একটি ঐতিহাসিক রায় দেন যা এখন Rule of Rylands v Fletcher নামে পরিচিত।
আদালত বলেন:
"যে ব্যক্তি নিজের প্রয়োজনে তার জমিতে কোনো বিপজ্জনক বা অস্বাভাবিক বস্তু (Non-natural use of land) নিয়ে আসে বা জমা করে, তা যদি কোনোভাবে বেরিয়ে গিয়ে অন্যের ক্ষতি করে, তবে তার দায় ওই ব্যক্তির ওপরই বর্তাবে।"
স্ট্রিক্ট লায়াবিলিটি (Strict Liability) কী?
সাধারণত কোনো মামলায় সাজা পেতে হলে প্রমাণ করতে হয় যে আসামির 'অবহেলা' (Negligence) ছিল। কিন্তু এই নীতির অধীনে:
আপনার অবহেলা বা খারাপ উদ্দেশ্য না থাকলেও আপনি দায়ী হবেন।
এমনকি আপনি যদি সব ধরনের সতর্কতা অবলম্বন করেন, তবুও আপনি দায়মুক্ত নন।
এই নীতির তিনটি প্রধান উপাদান:
১. কিছু আনা বা জমা করা (Bringing something on land): বস্তুটি প্রাকৃতিকভাবে সেখানে থাকা চলবে না, আপনাকে বাইরে থেকে আনতে হবে।
২. বিপজ্জনক বস্তু (Mischief): যদি বস্তুটি পালিয়ে যায় তবে তা ক্ষতি করতে সক্ষম (যেমন- জল, গ্যাস, বিদ্যুৎ, বন্য প্রাণী বা রাসায়নিক)।
৩. জমির অস্বাভাবিক ব্যবহার (Non-natural use of land): সাধারণ চাষাবাদ বা বাগান করা নয়, বরং বড় জলাধার বা কলকারখানার মতো অস্বাভাবিক ব্যবহার।
ব্যতিক্রম (Exceptions):
সব সময় কি রাইল্যান্ডস দায়ী হবেন? না, কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়:
Act of God: যদি অতিবৃষ্টি বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে এটি ঘটে।
Plaintiff’s own fault: যদি খতিগ্রস্ত ব্যক্তি নিজেই দায়ী হন।
Consent of the plaintiff: যদি প্রতিবেশীর অনুমতি নিয়ে কাজটি করা হয়।
Statutory Authority: যদি সরকারি কোনো আইনের ক্ষমতাবলে কাজটি করা হয়।
Rylands v Fletcher আমাদের শেখায় যে, প্রযুক্তির ব্যবহার বা উন্নয়ন করার সময় প্রতিবেশীর অধিকার যেন লঙ্ঘিত না হয়। বর্তমানে কলকারখানার দূষণ বা গ্যাস লিকের মামলায় এই নীতিটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
©️ De Jure Academy