27/03/2026
আশুলিয়ায় মানবিক ডাক্তারের গাড়িতে আগু'ন, ক্ষতি প্রায় ২২ লাখ টাকা
সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এক মানবিক চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে আ-গুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ডা. কায়কোবাদ হোসেন রাসেল, যিনি পেশায় একজন শিক্ষক ও চিকিৎসক। তিনি গণ স্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ-এর একজন শিক্ষক এবং এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
জানা যায়, ছুটি উপলক্ষে বাড়িতে এসে তিনি তার ব্যবহৃত প্রিমিও মডেলের (ঢাকা-মেট্রো গ ৩৭-৩৩০২) গাড়িটি বাড়ির পাশেই পার্ক করে রাখেন। গভীর রাতে হঠাৎ আগু'নের ধোঁয়া দেখে বাইরে এসে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দিয়েছে।
গাড়ির মালিকের ছোট ভাই অ্যাডভোকেট ইমরান হোসেন জানান, “আমাদের গাড়িটি সবসময় এখানেই রাখা হয়। হঠাৎ করে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও জানান, এর আগে তাদের নবনির্মিত ভবন থেকে রড ও সাবমারসিবল মোটর চুরি হয়েছিল।
এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের গ্রামের কারও সঙ্গে শত্রুতা নেই। তবে একটি পক্ষের সঙ্গে মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধেই আমাদের সন্দেহ।”
ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে যায়। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।