25/06/2026
এক যুগের ত্যাগ-সংগ্রামের পুরস্কার চান শাকিল আহমেদ, নজর এখন মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে
মো: রাজিবুল হাসান জুয়েল: মুন্সিগঞ্জ:
দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পথচলা, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক—এসব অভিজ্ঞতাকে পুঁজি করে মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে নেতৃত্ব দিতে চান ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতা শাকিল আহমেদ।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ শাকিল আহমেদ ২০১১ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে ছাত্রদলের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। দীর্ঘ সময় মাঠে থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনার কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ২০১৩ সালে তিনি মহাকালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা, নতুন কর্মী তৈরি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা যায়।
সভাপতি পদে আগ্রহ প্রকাশ করে শাকিল আহমেদ বলেন,
“২০১১ সাল থেকে ছাত্রদলের পতাকাতলে থেকে রাজপথে লড়াই করেছি। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছি। ছাত্রদল আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। সংগঠনের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কর্মীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক শৃঙ্খলা এবং নিয়মিত রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল করা সম্ভব।
এদিকে দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা এবং সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করার কারণে নেতৃত্বের দৌড়ে শাকিল আহমেদ একটি শক্ত অবস্থানে রয়েছেন।
তবে ছাত্রদলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করা হবে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই মুন্সিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব চূড়ান্ত হবে।
মুন্সিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর
২৫.০৬.২০২৬