27/01/2026
শায়খ মুহাম্মাদ আল-হাবিব (রহ.) পুরো রাত জেগে অন্ধকারে বসে আল্লাহর নাম ২০,০০০ বারেরও বেশি জিকির করতেন। তিনি ৯০ বছরের বেশি বয়সেও এই আমল ছেড়ে দেননি।
এক রাতে এক চোর তার বাড়িতে ঢুকে পড়ে এবং তার কক্ষে প্রবেশ করে। চোরটি একটি আলমারি খুলে ধন-সম্পদ বা গয়না খুঁজতে শুরু করে—এই বিষয়টি সে জানত না যে, শায়খ নিজেই সেই কক্ষেই উপস্থিত ছিলেন।
শায়খ খুব নরম স্বরে তাকে ডেকে বললেন—
তুমি যা প্রয়োজন মনে করো, যা ইচ্ছে হয় নিয়ে নাও;
শুধু আমার বইগুলো রেখে দিও।
এরপর শায়খ তার স্ত্রীকে ডাকলেন। তিনি চা এনে দিলেন, আর তারা অত্যন্ত আদর ও সম্মানের সাথে সেই চোরকে চা খাওয়ালেন। শায়খ তাকে স্বস্তি দিলেন, ভয় না করতে বললেন, আবারও জানালেন—প্রয়োজনে সে যা চাইবে নিতে পারে। এরপর তিনি তাকে আল্লাহর কথা বললেন, স্মরণ করিয়ে দিলেন যে তাওবার দরজা সবার জন্য খোলা, আর পরম দয়ালু আল্লাহ সকলকে ক্ষমা করে দেন।
তারপর চোরের জন্য খাবার প্রস্তুত করা হলো, এবং সে শান্তভাবে খেতে বসল।
শায়খের এই অকল্পনীয় দয়া, মমতা ও ভালোবাসায় সেই মানুষটি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। সে তাওবা করে নেয় এবং নিজের জীবন বদলে ফেলে।
এরাই হলেন আল্লাহর ওলী, আর নবী করিম ﷺ–এর প্রকৃত উত্তরাধিকারী।
আল্লাহ যেন আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করার, আমাদের সমাজে তাদের চরিত্র বাস্তবায়ন করার এবং তাদের পথ অনুকরণ করার তাওফিক দান করেন। আমিন।
শায়খ মুহাম্মাদ আল-হাবিব রাহিমাহুল্লাহ (১৮৭৬-১৯৭২) ছিলেন মরক্কোর একজন মহান সুফি শায়খ এবং দারকাউয়ি-শাযিলি তরিকার বিখ্যাত ওলীআল্লাহ। তাঁর জীবন ছিল আল্লাহর মহব্বত এবং মানুষের প্রতি অসাধারণ দয়ার এক উজ্জ্বল নিদর্শন।
মূল: শায়খ মুহাম্মদ আসলাম হাফিযাহুল্লাহ
অনুবাদ ও সংকলন: ইকরাম হোসাইন