12/10/2024
"মনুষ্য-কীট"
একবার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে প্রমাণ করো তুমি যোগ্য প্রেমিক! তুমি মানুষ! জানি পারবে না। কারণ তোমার দানব-উদরে বন্য কুত্তার বুভুক্ষু-ক্ষুধা! তোমার শকুনি চোখে গো-ভাগাড়ের গলিত লাশের ছবি! তোমার অন্তরে ঈর্ষা-দাবানলের লেলিহান শিস! তোমার শ্বাসপ্রশ্বাসে বাসুকির কালবিষ! একবার নিঃস্বার্থ ভালোবেসে প্রমাণ করো তুমি মানবতার দুশমন নও! জানি পারবে না। কারণ তোমার জন্ম হয়েছে পাশবিক কাম-উন্মাদ চৈতন্য হীন প্রাণীর নোংরামি থেকে। যার গন্ধে মানবতার আকাশ-বাতাস পাহাড়-নদী আজ উঠেছে বিষিয়ে! তোমার ভোগবিলাসীতার দানব থাবায় সর্বশান্ত প্রাণীকুল! ফুটপাতে ক্ষুধার্ত শিশুটি বলে খাদ্য চাই, বৃদ্ধ বলে বস্ত্র চাই, পীড়িত বলে ঔষধ চাই, পথচারী বলে ঠাঁই চাই,বেকার বলে কর্ম চাই, মজলুম বলে বিচার চাই, বঞ্চিত বলে অধিকার চাই,এরা সবাই বলে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই!! কই! পেরেছ কি হাজারও হতাশার মুক্তি দিতে এই সমাজের কাজে নিঃস্বার্থে পৌঁছে দিতে কোনো আশার বাণী? জানি পারবে না। কারণ তুমি মানুষ নও। জাগতিক স্বার্থের মোহে লালায়িত মানব অবয়বের মনুষ্য-কীট!!
-----রুহুল আমিন