21/11/2020
এফ কমার্সের মাধ্যমে ব্যবসা করার জন্য কনটেন্ট কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই ভালো কনটেন্ট লিখতে পারি না।
আমি এ-ই পোস্টের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব কিভাবে ভালো কনটেন্ট লিখা যায়।
প্রথমেই আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের খুঁজে বের করুন (আপনি যেসকল পণ্য নিয়ে ব্যবসা করছেন, একইরকম পণ্য নিয়ে ব্যবসা করা সবাই আপনার প্রতিদ্বন্দ্বী)। এদের মধ্য থেকে এমন কয়েকজনকে বাছাই করুন যারা এই ব্যবসায় সফলতা অর্জন করেছে বা অনেক ভালো করছে। এবার তাদের পেইজ বা প্রোফাইলে থাকা কনটেন্টগুলো পড়ুন। ভিডিও থাকলে সেগুলো দেখুন।
ব্যবসায় সফলতা পেতে হলে প্রতিদ্বন্দ্বীদের এনালাইসিস করা জানতে হবে৷ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যারা সফল হয়েছে তাদের সফলতার কারণ বের করতে হবে আর যারা ব্যর্থ হয়েছে তারা কেন ব্যর্থ হলো সেটাও বুঝতে হবে।
আপনার যত সময়ই লাগুক, প্রতিদ্বন্দ্বীদের কনটেন্টগুলো পড়ুন। একেবারে শুরু থেকে। ব্যবসায় তাড়াহুড়ো করতে হয় না, এখানে এগিয়ে যাওয়ার শর্টকাট রাস্তা বলতে কিছু নেই। আজকে আপনি তাড়াহুড়ো করে বা শর্টকাট রাস্তা ব্যবহার করে দু পা এগিয়ে গেলে কালকে থমকে থাকা লাগবে।
আপনি যখন একজন সফল প্রতিদ্বন্দ্বীর সবগুলো (অন্তত বেশিরভাগ) কনটেন্ট পড়বেন তখন আপনার কনটেন্ট তৈরির বেসিক শিখা হয়ে যাবে। ও-ই সময়ে চেষ্টা করলে আপনি এমন কনটেন্ট লিখতে পারবেন যা আপনার প্রতিদ্বন্দ্বীর শুরুর দিকে আপলোড করা কনটেন্টের তুলনায় ভালো হবে নিঃসন্দেহে।
এবার আপনার কাজ হবে আপনার পণ্যের ব্যাপারে আরও জানা৷ যেহেতু আপনি কনটেন্ট তৈরির বেসিক জানেন, তাই পণ্যের ব্যাপারে জানা থাকলে সহজেই একটা কনটেন্ট লিখতে পারবেন। যদিও প্রথমদিকে তেমন ভালো হবে না, কিন্তু কিছুদিন নিয়মিত লিখলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
আপনার কাছে পন্য আছে বা আপনি এই পণ্য নিয়ে ব্যবসা করেন বলে পণ্যটি সম্পর্কে সবকিছু আপনার জানা থাকবে এমন নয়৷ তাই পণ্যের ব্যাপারে আরও জানুন, সেগুলো কনটেন্টের মাধ্যমে অডিয়েন্সের কাছে তুলে ধরুন।
কোনকিছু লিখার পর অন্তত দুইবার পড়ুন। এমন অনেক ভুল আমরা করি যা প্রথমবার চোখে পড়ে না৷ নির্ভুল বানান লিখতে আর বাক্যের গঠন সুন্দর রাখতে চেষ্টা করুন।
এমন শব্দ লিখবেন না যার সাথে অডিয়েন্স পরিচিত নয় বা সহজে বুঝতে পারে না৷ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যার ইংরেজি বুঝতে সহজ হয় বাংলার তুলনায়। এক্ষেত্রে বাংলা হরফে ইংরেজি শব্দ লিখতে পারেন। আপনি কোন সরকারি দপ্তরের নোটিশ লিখছেন না যে যেকোনো একটা ভাষায় লিখতে হবে।
লিখার মধ্যে অপ্রয়োজনে যতিচিহ্নের ব্যবহার করবেন না। এমন অনেকেই আছেন যারা অনেকগুলো কমা, ডট বা দাঁড়ি ব্যবহার করে থাকেন। এই অভ্যাস ত্যাগ করতে হবে।
লেখা কতগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করে লিখুন। এক অনুচ্ছেদে ছয় লাইনের বেশি না লিখার চেষ্টা করুন।
বেশি পড়ুন, আর লিখুন। প্রতিদিন দুই ঘন্টা সময় যদি পড়া আর লিখার পিছনে ব্যয় করেন তাহলে তিনমাস পর পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন।