04/09/2026
সিলেটে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমএফ
প্রেস বিজ্ঞপ্তি ::
ওলি আউলিয়াদের পুন্যভূমি সিলেটে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর সংবাদ কভারেজ করতে গিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যম কর্মীদের উপর এধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন করার কথা। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফরমায়েশে ফুটেজ সংগ্রহ করতে বাধ্য করা হবে এবং তা না মানলে সাংবাদিকদের উপর হামলা করা হবে - তা নিন্দনীয়। যে সংগঠনটি দীর্ঘ সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রক্তাক্ত হয়ে এসেছিল তারাই এখন গণতন্ত্র রক্ষার অন্যতম প্রতিষ্ঠান ‘গণমাধ্যম’ এর কর্মীদের উপর হামলা করাটা আরো বেশি কষ্টদায়ক।
আমরা লক্ষ্য করছি, দেশে ফ্যাসিবাদী আমলের মতো এখনো সরকার দলের কতিপয় নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের মতো জঘন্য কাজে লিপ্ত রয়েছেন। অথচ দেশের গণতন্ত্রের টেকসই ভিত্তি রচনা করে ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সকলের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করা উচিত ছিল। আমরা বিএনপির কাছে আশা করি, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে এবং সরকারের পক্ষ থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার বাদ জুমা মাজার জিয়ারত শেষে গণমাধ্যমে কথা বলার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এ কারণে মাজারের মূল ফটকের সামনে অপেক্ষা করছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যামেরায় তাদের দেখানোর জন্য সাংবাদিকদের নির্দেশ দেন। একপর্যায়ে প্রতিমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা এসব নেতাকর্মী পেশাগত দায়িত্ব পালনরত টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তাদের ওপর চড়াও হন।
সাংবাদিকরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন তারা। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা।
বার্তা প্রেরক-
কামরান আহমদ
সাংগঠনিক সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ)
মোবা: ০১৭২২-২০২৭১৩