06/04/2026
উট নিয়ে আমার ভেতর বেশ প্যাশন কাজ করে।
কেন কাজ করে বলি।
তরকারি হিশেবে লাউ আমার তেমন পছন্দ ছিল না কোনো কালেই। কিন্তু, যেদিন আমি প্রথম জানলাম যে, লাউ তরকারি আল্লাহর রাসুল পছন্দ করতেন, সেই দিনের পর থেকে আমি আর কোনো তরকারি এতো আহ্লাদের সাথে খাই না, যেভাবে আমি লাউ তরকারি খাই৷ এমন নয় যে জোর জবরদস্তি করে খাই। তেমন পছন্দ না করা তরকারিটা রাতারাতি আমার এতো পছন্দের তালিকায় উঠে গেল যে—বাসায় রান্না হলে আমি এক বসাতে বেশ কয়েক বাটি লাউ সাবাড় করে ফেলি একাই।
একই ব্যাপার ঘটে কুরআনে উল্লিখিত খাবারগুলোর ব্যাপারেও, যেমন—যয়তুন, ত্বীন ফল, আনার, দুধ ইত্যাদি।
এইসব সামনে এলেই আমার কুরআনের সেই আয়াতগুলোর কথা মনে পড়ে, যেখানে এইগুলোর নাম উল্লেখ করেছেন আমার রব। লোভ লাগে। মুখে দিতে গেলেই অপার্থিব ভালো লাগা কাজ করে। মনে হয়—এমন একটা জিনিস মুখে দিচ্ছি যেটার নাম কুরআনে এসেছে, স্বয়ং আমার রব বলেছেন।
উটের ব্যাপারেও ঘটনা একই। উট ছিল আমার রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের বাহন। আরব দেশে যখন মরুভূমির পাশ দিয়ে যাই, সারি সারি উটের দল চোখে পড়ে৷ এতো ভালো লাগে দেখতে! আল্লাহর রাসুল উটে চড়ে কোথাও যাচ্ছেন—এমন দৃশ্য ভেসে উঠে চোখের তারায়।
আর, একটা মিষ্টি দেখতে উট দিয়ে কুরবানি করবার শখ তো বহুদিনের! আল্লাহ তাউফিক দিন 💚
( উট খুবই আশ্চর্য একটা প্রাণী৷ এতো বিস্ময়কর যে—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উটের উদাহরণ টেনে তাঁর সৃষ্টি রহস্য অনুধাবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মানবজাতিকে। সেই গল্পটা অন্যদিনের জন্য তোলা থাকল।)
এই যে ছবিটা দেখছেন, এটা আরবের মরুভূমিতে, বেদুইনদের উটের দুধ সংগ্রহের একটা দৃশ্য। দেখতেই যেন চোখ জুড়োচ্ছে!
আরবের সবকিছু ভালো লাগে। বেশি ভালো লাগে বেদুইন জীবন। উটের পাল নিয়ে সারাদিনমান মরুভূমি আর পাথুরে পাহাড়ের কোলে কাটিয়ে দেওয়া। আহা! ‘ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন’ 💛