05/11/2025
ধারাবহর শাহজাহান এস্টেটে অত্যাধুনিক ইংরেজি
মাধ্যম স্কুল নির্মাণে উদ্যোগ মোস্তফা আহমদের
সিলেট গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও পূবালী ব্যাংকের অন্যতম পরিচালক মোস্তফা আহমদ প্রতিষ্ঠা করছেন একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল।
দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখে আসছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবার। চলতি বছরের শুরুতে প্রায় দুই কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে ৩৬ শতক জমি ক্রয় করেন মোস্তফা আহমদ। বর্তমানে সেখানে আধুনিক স্থাপত্যশৈলীতে স্কুল ভবনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের কৃতীসন্তান, মরহুম হাজী মনির আহমদের পুত্র মোস্তফা আহমদ বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যাংকার ও পূবালী ব্যাংকের পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত।
স্কুলটির কার্যক্রম শুরু হলে গোলাপগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা বোর্ডিং সুবিধাসহ এখানে পড়াশোনার সুযোগ পাবে।
স্থানীয়দের মতে, ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে প্রতিষ্ঠিত এই ইংরেজি মাধ্যম স্কুলটি গোলাপগঞ্জে মানসম্মত শিক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।