08/01/2017
ঢাকা: দেশের ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিয়ে ফের যাত্রা শুরু করেছে বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর র্যাংকসটেল।
ভয়েস কল, এসএমএস’র পাশাপাশি এক হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের এই ইন্টারনেট সেবা নিয়ে অপারেটরটি যাত্রা শুরু করলো।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল র্যাডিসনে র্যাংকসটেলের নতুন সেবা ও লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, র্যাংকসটেল নতুন উদ্যোগে নতুন ভিশনকে সামনে রেখে নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয়ে যাত্রা শুরু করছে। র্যাংকসটেল যেখানে নতুনভাবে যাত্রা শুরু করেছে, সেখানে তারা ইতিহাসকে সঙ্গে রাখুক। কিন্তু অতীতের ভুলত্রুটি থেকে নিজেদের শিক্ষা নিয়ে সুন্দর করে নতুন করে সাজিয়েছে- এ বিষয়টি জানতে পেরে আমার আনন্দ হয়েছে।
র্যাংকসটেলের সেবা শুধু করপোরেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারানা হালিম।
র্যাংকসটেল দ্রুত গতির যে ইন্টারনেট সেবা চালু করেছে তা কার্যকর করতে গুরুত্ব দিয়ে মনিটর করতে হবে, যোগ করেন প্রতিমন্ত্রী।
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্ট করা করপোরেট গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে এই সেবা দেওয়া হলেও আগামী ২-৩ মাসের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা যায়।
এ সময় র্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক ও রেনকন এন্টারপ্রাইজের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, র্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আশিকুর রহমান বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭