01/05/2019
পয়লা মে.....
আলতো ঠোঁটে খইনি চেপে, প্যাডেল ঘোরায় রিক্সা-তে...
হারিয়ে যাওয়া শপথগুলো, যাচ্ছেনা তার ঠিক সাথে!
এর পরে ওর সময় যাবে, চুল্লু ঠেকের বিশ্রামে,
শপথ হয়ে ফিরে আসুক, রিক্সাওয়ালার পয়লা মে!
ছোট্ট উঠোন পার হতো না, অন্ধকারের ভয় পেয়ে,
ময়দান আর গলির রাতে এখন দাঁড়ায় সেই মেয়ে!
একলা বাঁচার অশ্রু মেশায়, অগ্নি-দহন সংগ্রামে,
সেই যুবতীর আঁচল জুড়ে, দুর্বার হোক পয়লা মে।
মিলের ছাঁটাই পঙ্গু শ্রমিক, তার ছেলেটা হকার হয়,
ইস্কুল নেই, সেই সাথে নেই মাষ্টারদের বকার ভয়।
রানিং ট্রেনে উঠতে পারে, পোক্ত দারুণ দর-দামে,
এই কিশোরের তীক্ষ্ণ গলায়, নেমে আসুক পয়লা মে!
মাতাল স্বামী, যক্ষ্মা রুগী, হাঁপায় বসে আদুড় গা,
পাঁচ-বাড়িতে বাসন মাজে, ঠিকে কাজের 'মা দুর্গা'।
সন্তানদের খাবার দিতে, দিন কেটে যায় রাত নামে,
লড়াই করা দুই চোখে তার নেমে আসুক পয়লা মে।
রাস্তায় পা রাখা কঠিন, পিচ গলে যায়...ভাপ ওঠে!
ফ্ল্যাটবাড়িতে প্রবেশ নিষেধ, সিকিউরিটির দাপটে।
বিক্রি তবু করতে হবেই! শরীর ভিজে যায় ঘামে,
'সেলস-বালিকা'-র দুঃখী ব্যাগে নেমে আসুক পয়লা মে!
রাত্রি জাগা টেকনো-কুলির নিদ্রাবিহীন ওই চোখে,
নিষেধ করে দিলো মালিক, রাখতে কোনো স্বপ্নকে!
বি.পি.ও আর চায়ের বাগান, খেত-মজুরের দূর গ্রামে,
একসঙ্গেই নেমে আসুক, নতুন কোনো পয়লা মে!
ঐতিহাসিক "মে দিবস জিন্দাবাদ "।।
....অচেনা পথিক