06/12/2024
পবিত্র মদিনা শরীফের অলিগলি – পর্ব এক
বীরে আরিস কূপ
মসজিদে কুবা জিয়ারতে গেলে আমরা অনেকেই কেবল মসজিদে নামাজ আদায় করেই ফিরে আসি। অথচ মসজিদের পশ্চিম দরজার সামান্য সামনে, মাত্র এক মিনিট হাঁটলেই দেখা মেলে ঐতিহাসিক বীরে আরিস কূপের।
এই কূপের সঙ্গে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একাধিক মধুর স্মৃতি।
হযরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন,
"আমি একদিন স্থির করলাম, আজ পুরো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো।"
আমি মসজিদে নববী গিয়ে তাঁকে পেলাম না। উপস্থিত লোকেরা আমাকে জানালো, তিনি বাগানের দিকে গিয়েছেন। সেখানে গিয়ে দেখলাম, তিনি বীরে আরিস কূপের পাশে উপস্থিত। তিনি প্রয়োজন সেরে অযু করলেন এবং পায়ের গোড়ালি মোবারক খুলে কূপের পাড়ে বসে পা ঝুলিয়ে দিলেন।
হযরত আবু মুসা আশআরী (রা.) বলেন,
"আমি কূপের বাগানের প্রবেশপথে গিয়ে স্থির করলাম, আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরোয়ানের দায়িত্ব পালন করবো।"
এসময় হযরত আবু বকর (রা.) এসে দরজা ধাক্কা দিলেন। আমি অনুমতি চেয়ে রাসূলুল্লাহ (সা.)-কে জানালে তিনি বললেন, "তাকে ভেতরে আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও।" হযরত আবু বকর (রা.) এসে কূপের ডানপাশে পা ঝুলিয়ে বসে পড়লেন।
এরপর হযরত উমর (রা.) আসেন। তিনিও জান্নাতের সুসংবাদসহ ভেতরে আসার অনুমতি পান এবং হুজুরের বামপাশে বসেন।
শেষে হযরত উসমান (রা.) আসেন। তাঁকে অনুমতি দিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। তবে রাসূলুল্লাহ (সা.) বলেন, "তাকে একটি কঠিন পরীক্ষারও সম্মুখীন হতে হবে।" এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুপাশে আর জায়গা নেই, তাই তিনি হুজুরের সামনের দিকে কূপে পা ঝুলিয়ে বসে পড়লেন।
হযরত সাঈদ ইবনে মুসাইয়িব (রহ.) বলেন,
"এই ঘটনা ইঙ্গিত করে যে, হুজুরের ওফাতের পর হযরত আবু বকর (রা.) এবং হযরত উমর (রা.)-এর কবর হুজুরের পাশে হবে। কিন্তু হযরত উসমান (রা.)-এর কবর বাকী কবরস্থানে হবে।"
রাসূলুল্লাহ (সা.) একটি আঙটি বানিয়েছিলেন, যার উপর "محمد رسول اللہ" খোদাই করা ছিল। এই আঙটি হুজুরের ওফাতের পর পর্যায়ক্রমে খলিফাদের হাতে যায়।
একদিন হযরত উসমান (রা.) বীরে আরিস কূপের পাড়ে বসে আঙুল থেকে আঙটি খুলে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ তা কূপে পড়ে যায়। তিনি তিনদিন ধরে তা খুঁজেও পাননি। পরবর্তীতে কূপের সব পানি সেচার পরেও আঙটির সন্ধান মেলেনি।
বর্তমান পরিস্থিতি
আজ এই কূপটি পাকা করে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের জন্য সেখানে পা ঝুলিয়ে বসার সুন্নাহটি পালন করা আর সম্ভব নয়।
বীরে আরিস কূপ মদিনার ঐতিহ্য ও ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষী। এই কূপে রাসূলুল্লাহ (সা.)-এর স্মৃতি আমাদের হৃদয়ে ইমান ও ভালোবাসার আলো ছড়ায়।
Maps: https://maps.app.goo.gl/qMZuwgC259dXSPR68